ভারতীয় গুণ্ডামি বন্ধ করতে চাইলে গণভোটে হ্যাঁ ভোট দেবেন : হাসনাত আবদুল্লাহ
Printed Edition
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দণিাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা নির্বাচিত হওয়ার পর জনগণের হক মেরে খাবে তাদের ভোট দিতে যাবে না। যারা বসে আছে নির্বাচিত হওয়ার পর জনগণের অর্থ লুটপাট করবে, এবার তাদের প্রত্যাখ্যান করবে। আপনারা যদি সংস্কার, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, নিজের ভোট নিজে দিতে চান, ভারতীয় গুণ্ডামি বন্ধ করতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। আপনার হ্যাঁ ভোটেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। তারা তাকে বাঁচতে দেয়নি, আমরা শহীদ ওসমান হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে মাঠে নেমেছি।
গতকাল কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। তারা কোনো উপায় না পেয়ে এখন ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে, তারা ফোনে মানুষদের হুমকি-ধমকি দিচ্ছে কেন্দ্র দখল করবে, ভোট দিতে দেবে না, ভোটাধিকার কেড়ে নিবে। যারা হোন্ডা-গুণ্ডার ভয়ভীতি দেখাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। গুণ্ডা-হোন্ডার ভয়ভীতি দেখানোর রাজনীতি এখন আর নাই।
তিনি বলেন, আমরা কখনোই ওসমান হাদির মতো হতে পারব না। তিনি মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, তিনি চেয়েছেন বাংলাদেশে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, চাঁদাবাজ দুর্নীতি বন্ধ হয়, মানুষ তার ন্যায্য অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। আজকে গ্রামে গ্রামে শহীদ হাদির জন্য দোয়া করছেন মা-বোনেরা ও বৃদ্ধ বাবারা। শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেই ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব আমরা নিলাম। আমরা শহীদ হাদির হত্যার বিচার এই দেশেই নিশ্চিত করে ঘরে ফিরে যাব। গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো: জসিম উদ্দিন পাঠানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: নাঈম বিন মুসাসহ ইউনিয়ন জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে শহীদ ওসমান হাদির আত্মার রূহের মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাত করা হয়।