নির্বাচন নিরপেক্ষ হলে ফল মেনে নেবো : তারেক
Printed Edition
বিশেষ সংবাদদাতা
এয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেছেন, আমরা জয়লাভ করলে প্রাধান্য পাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। যাতে মানুষ নিরাপদ বোধ করে।
গতকাল বৃহস্পতিবার সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদানের পর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।
সকাল ৯টা ৩৫ মিনিটে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দিয়ে তিনি তার পরিবারকে নিয়ে কেন্দ্রের বাইরে এলে দেশী-বিদেশী শতাধিক মিডিয়া ঘিরে ধরে। তারেক রহমান সাবলীলভাবে কথা বলেন এবং সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা প্রত্যাশা করব যাতে আমরা সবাই মিলে যাতে নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা।
ভোটের পরিবেশ কেমন দেখছেন প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, আমি এখনো বলতে পারবো সারা বাংলাদেশের খবর এখনো আমি পাইনি। অনাকাক্সিক্ষত কিছু ঘটনা ঘটেছে, দেশের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সেটা কঠোর হস্তে দমন করেছেন।
বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ‘আমি এই মাত্র আমার সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করে এসেছি। বিগত এক যুগেরও বেশি সময় বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। একই সাথে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান। জাইমার এবারই প্রথম ভোটার হয়েছেন।
পরে দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল এমন অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই না, এসব ঘটনা ঘটুক।
তারেক রহমান বলেন, ভোট সংখ্যা যত বাড়বে, আমরা বিশ্বাস করি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি।
নির্দিষ্ট করে কারো প্রতি অভিযোগ না তুলে তারেক রহমান বলেন, তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার কিংবা অনৈতিক কাজ করার চেষ্টা করছেন। কাজেই তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে।
ভোটের ফল মেনে নেয়ার প্রশ্নে তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, বিতর্কহীন হয় তা হলে কেনো মেনে নেবো না, অবশ্যই সব দলই মেনে নেবে। তবে অবশ্যই একটা শর্ত আছে, নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেরকম অনাকাক্সিক্ষত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এরকম বিষয় তো অবশ্যই মেনে নেয়া যাবে না, কেউই মেনে নেবে না।