কিছু সময় দিন প্রজন্মকে সবাই মিলে বদলে দেবো : ধর্ম প্রতিমন্ত্রী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেবো। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশা আল্লাহ।
বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, রাসূল সা:-এর জীবনে উৎকৃষ্টতাই ছিল প্রধান বিষয়। আমাদেরকে সব ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে যেে হবে। তাহলে আমরা সফলকাম হতে পারব।
আল কুরআন থেকে উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূলুল্লাহ সা:-এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ পাক রাসূল সা: বিশ্ব জগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তিনি রাসূল সা: এর দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তকরণে বাস্তবায়নের চেষ্টা করার অনুরোধ জানান। এ ছাড়া যেসব বিষয় মহানবী সা: নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক ছিলেন, এনএসইউর ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী হজরত মুহাম্মদ সা: ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তার জীবন আমাদের দেখায়, একজন মানুষ কিভাবে শুধু একটি জাতির কল্যাণেই নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।
প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী হজরত মুহাম্মদ (সা:-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে বলেন, মহানবী সা:-এর জীবন আমাদের ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়।
অন্যান্যের মধ্যে এনএসইউর প্রোভিসি অধ্যাপক নেছার ইউ আহমেদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে এ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।