ট্রাম্পের সন্তানকে হত্যার পরিকল্পনা ভিত্তিহীন : ইরান

Printed Edition

এনডিটিভি ও রয়টার্স

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট সন্তানকে হত্যাচেষ্টার খবরের বিষয়ে ওঠা গুঞ্জন সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি। লেবাননের আল মানার টিভিতে বৃহস্পতিবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য স্পষ্ট করেন, যা বৈশ্বিক অঙ্গনে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আইআরআইবির ৩ নম্বর চ্যানেলে ‘ব্যারন ট্রাম্পকে কোথায় এবং কিভাবে হত্যা করা উচিত?’ শিরোনামে ৩ মিনিটের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সাথে সম্পর্কিত ওই গণমাধ্যমে দাবি করা হয়, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এতে ওয়াশিংটনে ব্যারনের আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, চলাচলের পথ এবং সিক্রেট সার্ভিসের বলয়ের বিবরণ ফুটিয়ে তোলা হয়। পাশাপাশি তাকে হত্যার বদলে এক কোটি ডলার পুরস্কারের কথা বলা হলেও কোনো গোষ্ঠীর নাম সেখানে প্রকাশ করা হয়নি।