এবার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম বদলানোর চিন্তা ট্রাম্পের

Printed Edition

ফক্স নিউজ

একটি উপসাগরের নাম বদলেছেন। এবার একটি হ্রদের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এতেই থামতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আটলান্টিক মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার নির্বাহী আদেশে স্বাক্ষরের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রাম্প। সেখানেই দুই মহাসাগরের নাম বদলের প্রসঙ্গ তোলেন তিনি।

২০২৫ সালের জানুয়ারিতে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখন একটি উপসাগর আছে এবং একটি হ্রদও আছে। এখন শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করতে হবে। হয়তো দুটোর নামই বদলে দেব।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার সময় আমেরিকাকে আবার মহান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্নের মধ্যেই তার প্রশাসনের একের পর এক নাম পরিবর্তনের উদ্যোগ আলোচনায় এসেছে। ইরান যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাপের মুখে পড়েছে বলেও সমালোচনা রয়েছে।