পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

Printed Edition

পাবনা প্রতিনিধি

পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস বিশ্বাসের ছেলে রুমি বিশ্বাস বলেন, নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজন ও পরিচিতজনের কাছে খোঁজখবর নেন। তবে কোথাও তার সন্ধান মেলেনি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে গলাকাটা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

নিহতের স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার পেছনের কারণ সম্পর্কে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

আতাইকুলা থানা পুলিশের ওসি মজিবর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।