ট্রাম্পের সহায়তা চাইলেন কাপোভিলা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য জোয়ান কাপোভিলা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তা চেয়েছেন। আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখার পরিকল্পনা ছিল তার। তবে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) আবেদন বাতিল হওয়ায় তিনি সফরে যেতে পারছেন না।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ৪৮ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ ডিফেন্ডার লিখেছেন, আমার সাহায্য দরকার, ডোনাল্ড ট্রাম্প! আমাকে জানানো হয়েছে, আমার ইএসটিএ আবেদন বাতিল হয়েছে। তাই সন্তানদের নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে পারছি না। তিনি আরো বলেন, ২০১০ সালের সতীর্থদের সাথে আবারো একত্র হওয়া এবং বর্তমান স্পেন দলকে সমর্থন জানানো তার জন্য বিশেষ মুহূর্ত হতে পারত। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় সেই সুযোগ হারাতে হচ্ছে। সমস্যার সমাধানে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্পেন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়েরও দৃষ্টি আকর্ষণ করেছেন।