লুহানস্কে ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা : নিহত ৪, শিশু আহত ৩৫
Printed Edition
রয়টার্স
পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩৫টি শিশু। গতকাল শুক্রবার রাশিয়ান কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে রয়টার্স এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লানত্রাতোভা দাবি করেছেন, হামলার সময় লুহানস্ক পেডাগোজিক্যাল ইউনিভার্সিটির স্টারোবিলস্ক কলেজের আবাসিক হলে ১৪ থেকে ১৮ বছর বয়সী ৮৬ জন কিশোর-কিশোরী ঘুমিয়ে ছিল। তিনি অভিযোগ করে বলেন, “ইউক্রেনীয় বাহিনী ঘুমন্ত শিশুদের লক্ষ্য করে এই পরিকল্পিত হামলা চালিয়েছে।” লুহানস্কে রাশিয়া-নিয়োজিত শীর্ষ কর্মকর্তা লিওনিদ পাসেচনিক জানান, উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো কোনো শিশু ভেতরে আটকে আছে কি না, তা নিশ্চিতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। রাশিয়ার কর্তৃপক্ষের প্রকাশ করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন জ্বলছে। একই সাথে ধ্বংসস্তূপের মধ্য থেকে এক ব্যক্তিকে স্ট্রেচারে করে বের করে নিয়ে আসতে দেখা গেছে উদ্ধারকারীদের।