কেরানীগঞ্জে মাদক, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের ঠাঁই হবে না : আমান উল্লাহ আমান

Printed Edition

ঢাকা জেলা প্রতিনিধি

সাবেক মন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, কেরানীগঞ্জে কোনো মাদক কারবারি, চাঁদাবাজ কিংবা ভূমিদস্যুর স্থান হবে না। তিনি বলেন, মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাদক বিক্রি ও সেবন বন্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা-২ আসনকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলার বাস্তা ইউনিয়নের কাজিরগাঁও-কুমলি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, গত ১৭ বছরে কেরানীগঞ্জের সড়ক অবকাঠামোর তেমন কোনো উন্নয়ন হয়নি। বর্তমানে বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাটের উন্নয়নকাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আরো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি সরকার সবসময় শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যেসব ছেলে-মেয়ে এখনো বিদ্যালয়ে যায় না, তাদের স্কুলমুখী করতে অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের সেবক হিসেবে কাজ করাই বিএনপির লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৯১ সাল থেকে আমরা উন্নয়ন করে আসছি- আমরা যা বলি, তা বাস্তবায়ন করি।’