সাবেক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী, সাবেক যুবলীগ নেতা বাপ্পীকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ বাধারমুখে পরে। এ সময় বাধাদানকারীরা মতিঝিল থানার সামনে অবস্থান নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে বলে সূত্র নিশ্চিত করেছে। তবে বিষয়টি থানা পুলিশ অস্বীকার করেছে। মতিঝিল থানায় ফোন করা হলে ডিউটি অফিসার এসআই মধূসুদন জানান, এ রকম কোনো ঘটনা ঘটেনি। কোনো সন্ত্রাসী গ্রেফতার হয়েছে কি না তাও জানা নেই বলে জানান।

স্থানীয় সূত্র জানায়, মতিঝিলের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ বাপ্পীকে মতিঝিল এলাকা থেকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা মতিঝিল থানার সামনে অবস্থান করে। পুলিশ পরিস্থিতি খারাপ দেখে গ্রেফতারকৃত ওই সন্ত্রাসীকে অন্য থানায় সোপর্দ করে।

স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা ও সন্ত্রাসী বাপ্পীর নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ফুটপাথ দখলসহ বিভিন্ন অপকর্ম সংঘটিত হয়ে থাকে। তার নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। সন্ত্রাসী বাপ্পীর উৎপাতে মতিঝিল, রমনা, শাহবাগের ব্যবসায়ীরা আতঙ্কের দিন কাটাচ্ছে।