স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
Printed Edition
চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রমিজ উদ্দিন (৩২) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বন্যাকবলিত চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন। ফলে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী রমিজ উদ্দিনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আগের বিরোধের জেরে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লালটু এবং ওলা মিয়ার ছেলে বাবু তাকে গুলি করে।
গুলিবিদ্ধ রমিজ উদ্দিনকে দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত কার্যক্রম শুরু করে।