সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথেই ফয়সালা হবে : ডা: ইরান

Printed Edition

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শুধু ক্ষমতার হাতবদল নয়, অর্থবহ রাষ্ট্রীয় পরিবর্তনই জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনার বহিঃপ্রকাশ। আমরা জান দেবো, তবুও জুলাই দেবো না। সংবিধানের কেবল সংশোধন নয়, প্রয়োজন রাষ্ট্র সংস্কার। জনগণের গণভোটের রায় সংসদে বাস্তবায়িত না হলে, জুলাই গণ-অভ্যুত্থানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিই রাজপথে তার ফয়সালা করবে।

শুক্রবার ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করেন।

ডা: ইরান আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচনা করেছে। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, আউয়াল মিয়া ও নাঈমরা বস্তাপচা ও নোংরা রাজনীতি টিকিয়ে রাখতে জীবন উৎসর্গ করেননি। তাদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে নতুন ধারার রাজনীতি এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিকে আরো সুসংগঠিত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক এ আর এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মো: জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী ও অ্যাডভোকেট জোহরা খাতুন। বিজ্ঞপ্তি।