কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
Printed Edition
মালয়েশিয়া থেকে প্রতিনিধি
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে ‘জুলাই শহীদ দিবস’ পালন করেছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরবর্তীতে জুলাই শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা পর্বে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেন, জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন মাহবুব আলম শাহ, সিনিয়র সহসভাপতি, বিএনপি মালয়েশিয়া ইউনিট; আলী হায়দার মোর্তজা, সিইও, এনবিএল মানি ট্রান্সফার; মো: জসিমউদ্দীন, সভাপতি, জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া; সাংবাদিক মো: আমিনুল ইসলাম রতন; শামসুল আলম সিকদার হেলাল, সদস্য সচিব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মালয়েশিয়া; শেখ আসাদ আহমেদ মাসুম, সভাপতি, জাসাস, মালয়েশিয়া।