কক্সবাজারে অস্ত্রসহ যুবদল নেতা আটক দল থেকে বহিষ্কার

Printed Edition

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াতুল্লাহ খোমেনিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

গত ১৪ জুলাই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে দু’টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে। আটকদের মধ্যে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুস শুক্কুরের ছেলে আয়াতুল্লাহ খোমেনীও (২৮) রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে পুরো চকরিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ দিকে অস্ত্রসহ অস্ত্র আটক হওয়ার পর জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিনের নির্দেশে দলের সহদফতর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত ১৫ জুলাইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আয়াতুল্লাহ খোমেনীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, আয়াতুল্লাহ খোমেনীর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে এলাকায় দখলদারিত্ব, কিশোর গ্যাং পরিচালনা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া কিছুদিন আগে বদরখালী বাজারে একটি ফার্মেসি ভাঙচুরের ঘটনায় চকরিয়া থানায় একটি ফৌজদারি মামলা রয়েছে বলেও জানা যায়।