পিএসজি ও ম্যানসিটির হার

Printed Edition
khela-3
স্পোর্টিং লিসবনের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোল উৎসব : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

ইউরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত পরশু রাতটি স্মরণীয় হয়ে থাকবে অঘটনের জন্য। এ রাতে অঘটনের শিকার হয়ে গতবারের ইউরোপ সেরা ফরাসি ক্লাব পিএসজি হেরেছে স্পোার্টিং লিসবনের বিপক্ষে ২-১ গোলে। অন্য দিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ৩-১ গোলের ব্যবধানে হারের স্বাদ পেয়েছে বোদো/গ্লিমটের বিপক্ষে। তবে নিজেরদের ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল ও রিয়ার মাদ্রিদ। আর্সেনাল ৩-১ গোলে ইন্টারমিলানকে এবং রিয়াল মাদ্রিদ ৬-০ গোলের বড় ব্যবধানে মোনাকোকে পরাজিত করে।

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত খেলায় ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথমার্ধে কোনো গোল না হলেও খেলার শেষ ২০ মিনিটে ম্যাচের দৃশ্যপট রোমাঞ্চকর চেহারা পায়। ম্যাচের ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় স্পোর্টিং লিসবন। তবে সে আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগিজ ক্লাবটি। পিএসজির হয়ে ৭৯ মিনিটে গোল করে সমতা ফেরান খবিচা। ম্যাচ যখন ড্রয়ের দিক যাচ্ছে তখন লুইস সুয়ারেজ আবারো হানা দেন পিএসজির গোলপোস্টে। ট্রিনকাওয়ের শট গোলরক্ষক লুকাস শেভালিয়ের ঠেকান তবে ফিরতি বলে সহজ হেড দিয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন সুয়ারেজ। এই হারের ফলে গ্রুপ পর্বে পিএসজি অবস্থান বেশ চাপে পড়ে গেল।

অন্য দিকে আরো বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। নরওয়ের ক্লাব বোদো/গ্লিমটের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই অপ্রত্যাশিত চাপের মুখে পড়ে পেপ গার্দিওলার দল। প্রথমার্ধেই ক্যাসপার হগ ২২ ও ২৪ মিনিটে দুটি গোল করে চাপে ফেলেন সিটিকে। সেই চাপ থেকে আর বেরুতে পারেনি হল্যান্ডরা। উল্টো ৫৮ মিনিটে জেন্স পিটার গোল করলে ব্যবধান ৩-০ তে দাঁড়ায়। ম্যাচের ৬০ মিনিটে রায়ন চেরকি গোল করে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পেরেছেন। এ পরাজয়ে বেশ চাপে পড়ল পেট্রো ডলারের ক্লাবটি। প্লে অফে খেলতে হলে গ্রুপের শেষ ম্যাচে গালাতাসারায়ের বিপক্ষে জিততেই হবে ম্যানসিটিকে।

এ দিকে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারের স্বাধ দেয় চ্যাম্পিয়ন লিগের টেবিল টপার আর্সেনাল। এ জয়ে ৭ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করল ইংলিশ ক্লাবটি। অপর ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ বড় ব্যবধানে হারিয়েছে মোনাকোকে। ম্যাচে ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ২, ভিনিসিয়ুস জুনিয়র, ফ্রাঙ্কো, থিলো কোহরের ও বেলিংহাম একটি করে গোল করেন। এ জয়ে রিয়াল মাদ্রিদ আপতত পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এক ম্যাচ কম খেলে সমান সংখ্যক ১৫ পয়েন্ট নিয়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ তৃতীয় স্থানে রয়েছে।