রানার্স আপ বাংলাদেশ নারী ‘এ’ দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ফলটাই লিখা থাকে রেকর্ড বুকে। ভারতের কাছে বাংলাদেশ নারী ‘এ’ দল হেরেছে এটাই বাস্তব। বাংলাদেশ জিততে পারতো, এটা হতে পারতো, ওটা হতে পারতো, কাছে গিয়ে হার ইত্যাদি শুধুই

সান্ত্বনার কথা। বাংলাদেশকে ৪৬ রানে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপা জিতেছে এটাই বাস্তবতা। অথচ ৪৪ রানে ভারতের ৪ ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে শুরুটা কি দারুণই করেছিল ফাহিমা খাতুনরা। ফাইনাল মানেই স্নায়ুর পরীক্ষা, মুহূর্তের দখল বদল আর ছোট ভুলের বড় মাশুল। ১৩৪ রান তাড়া করতে নেমে ৮৮ রানে অলআউট বাংলাদেশ। ২০২৩ সালে হংকংয়ে প্রথম আসরেও বাংলাদেশের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ‘এ’। এবারও একই পরিণতি।

টস জিতে আজ ভারতীয় অধিনায়ক রাধা যাদব যখন ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত ছিল বড় স্কোরের ইঙ্গিত। কিন্তু শুরুতে দৃশ্যটা ছিল ভিন্ন। নন্দিনী কাশ্যপ ও দীনেশ বৃন্দার জুটি ৩০ রান তুলতেই ভাঙে। ফাতেমা জাহানের আঘাতে দীনেশ ফেরেন, এর পর রানআউট নন্দিনী। ঠিক পরের বলেই ফারজানা ইয়াসমিনের শিকারে গোল্ডেন ডাক মিন্নু মানি। ৩৩ রানে ৩ উইকেট-বাংলাদেশ তখন ম্যাচের চালকের আসনে। চাপ আরও বাড়ান অধিনায়ক ফাহিমা খাতুন। দলীয় ৪৪ রানে তুলে নেন চতুর্থ উইকেট। ভারতের ড্রেসিংরুমে নীরবতা, বাংলাদেশের শরীরী ভাষায় আত্মবিশ্বাস। ফাইনালটা যেন লিখা হচ্ছিল লাল-সবুজের দিকে।

তেজাল হাসাবনিস ও রাধা যাদব পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। রাধা ৩০ বলে ৩৬ রান করে ফিরলেও তেজাল শেষ পর্যন্ত ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানে। ফাহিমা নেন ৪ উইকেট।

১৩৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। প্রথম দুই ওভার দেখে-শুনে খেললেও তৃতীয় ওভারেই ইশমা তানজিম (৩) বিদায় নেন। পাওয়ার প্লেতে ৬ ওভারে ৩৬ রানে আশা জাগায়। শামীমা সুলতানা ১৫ বলে ২০ রান করে আক্রমণের ইঙ্গিত দেন। কিন্তু তার বিদায়ের পরই থমকে যায় রানের চাকা। ১০ ওভার শেষে স্কোর ৩ উইকেটে ৪৮। পরের চার ওভারে মাত্র ১২ রান তুলতে গিয়ে আরও দুই উইকেট হারায় দল। শারমিন সুলতানা ৩০ বলে ১৮ রান করে উইকেটে থাকার চেষ্টা করেছেন, কিন্তু প্রয়োজনীয় গতি আনতে পারেননি। সাদিয়ার ব্যাট থেকে আসে ১০ রান। অধিনায়ক ফাহিমা বল হাতে ভালো করলেও ব্যাট হাতে ১১ বলে ১৪ রান করে বিদায় নিলে শেষ আশা ক্ষীণ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’। ভারতের প্রেমা রাওয়াত নেন ৩ উইকেট, সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ার দুটি করে।