গণমাধ্যমকে সিইসি

এবার কোনো পাতানো নির্বাচন হবে না

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আগের মতো এবার দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের কার্যক্রমের বুথ পরিদর্শন শেষে গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি এ এম এম নাসির উদ্দিন আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। যারা আপিল করেছেন, তারা প্রত্যেকে ন্যায়বিচার পাবেন। যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। নাসির উদ্দিন আশ্বস্ত করেন যে, আপিল শুনানির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত দেয়া হবে।

ইসি জানায়, আজ (গতকাল) আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে আসছেন। মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে তারা আবেদন জমা দিয়েছেন। আজ ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল আবেদন জমা দেয়া যাবে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত। কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো দিক। নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উল্লেখ করে সিইসি বলেন, ‘দূর-দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন। এতে প্রমাণ হয়, নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি।’

নির্বাচন কমিশনে দায়ের করা আপিলগুলোর শুনানি ১০ থেকে ১৮ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এ শুনানি গ্রহণ করবেন।

ইসির তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারি ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি শুরু হবে। ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে দেখানো হবে। একই সাথে রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পরে ই-মেইল ঠিকানায় পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।