লাইনচ্যুত নোয়াখালী এক্সপ্রেস

Printed Edition
Sports-1
৩৫ বলে ৬০ রান করে ম্যাচসেরা হওয়া রাজশাহী রয়্যালসের মোহাম্মদ ওয়াসিম : বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

এবারের বিপিএল আসরে ৬ ম্যাচ খেলে ৬টিতেই হেরে লাইনচ্যুত নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল ইতিহাসে প্রথম ৫ ম্যাচ হেরে আগের ম্যাচেই রেকর্ড গড়েছিল নোয়াখালী, এবার টানা ৬ ম্যাচ হেরে নিজেদেরই লজ্জার রেকর্ড নিয়ে গেল নবাগত দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। জবাবে এক ওভার বাকি থাকতেই ৪ উইকেটে জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। তাদের এটি টানা তৃতীয় জয়। সব মিলিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয়।

ব্যাট করতে নেমে নোয়াখালীর দুই ওপেনার শাহাদাত হোসেন দিপু এবং সৌম্য সরকার পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪১ রান তোলে নোয়াখালী। এরপর ২৮ বলে ৩০ রান করে বিদায় নেন দিপু। তিনে নেমে সুবিধা করতে পারেননি সাদাকাত (৭)। এক প্রান্ত আগলে রেখে কৌশলী ব্যাটিংয়ে সৌম্য তুলে নেন ফিফটি। হাফসেঞ্চুরির পর ৪৩ বলে ৫৯ রান করে দলীয় ১২৩ রানের মাথায় বিদায় নেন সৌম্য সরকার। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে ৩৫ রান করে বিদায় নেন মোহাম্মদ নবী। শেষের দিকে ৫ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তাতে ১৫১ রানে থামে নোয়াখালী। রাজশাহীর হয়ে রিপন ম-ল দুটি, ১টি করে উইকেট নেন নাজমুল হোসেন শান্ত, বিনুরা ফার্নান্দো এবং হাসান মুরাদ।

জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম এবং মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে চড়ে ওপেনিং জুটিতে ৪৭ রান করে ওয়ারিয়র্স। ২০ বলে ২১ রান করে বিদায় নেন তানজিদ। তিনে নামা শান্ত করেছেন ৩ বলে ১ রান। আরব আমিরাতের ব্যাটার ওপেনার ওয়াসিম এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। চারে নেমে তার সাথে যোগ দেন মুশফিকুর রহীম। দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে ৩৫ বলে ৬০ রান করে দলের ১০৫ রানের মাথায় সাজঘরে ফিরেন মোহাম্মদ ওয়াসিম। আগের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৭ বলে এক রান করেছিলেন তিনি। মুশফিক বিদায় নেন ১৯ রান করে। ইয়াসির আলী চৌধুরী ও এস এম মেহেরব হোসেন জলদি বিদায় নিলে চাপ বাড়ে ওয়ারিয়র্সের। শেষ দিকে বার্লের ব্যাটে চড়েই জয়ের বন্দরে পৌঁছে রাজশাহী। ৬ বল এবং ৪ উইকেট হাতে রেখে দারুণ এক জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী হয়ে মেহেদী হাসান রানা ৩ টি, নবি ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন।

সংপ্তি স্কোর

নোয়াখালী এক্সপ্রেস : ১৫১/৫ (শাহাদাত ৩০, সৌম্য ৫৯, নবি ৩৫, মাহিদুল ১০, রিপন ২/২৭, শান্ত ১/২, মুরাদ ১/২০)।

রাজশাহী রয়্যালস : ১৯ ওভারে ১৫২/৬ (তানজিদ ২১, ওয়াসিম ৬০, মুশফিক ১৯, বার্ল ১৯*, হাসান ১/৩৬, নবি ১/২৬, মেহেদী রানা ৩/২৫)। ফল : রাজশাহী রয়্যালস ৪ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : মুহাম্মাদ ওয়াসিম।