মোস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ আর্থার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্তে টালমাটাল ক্রিকেট বিশ্ব। বিখ্যাত তারকা থেকে কোচরাও নিজেদের মন্তব্য জানাচ্ছেন নিজ নিজ অবস্থান থেকে। রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থারও জানিয়েছেন তার ভাবনা। সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে নিয়ে কথা বলতে গিয়ে একদিকে যেমন হতাশার কথা বললেন, অন্যদিকে বাঁহাতি পেসারের পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তারও প্রশংসা করতেও ভুলেননি।
বর্তমানে রংপুর রাইডার্সে একই দলে আছেন মিকি আর্থার। মোস্তাফিজের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই তা মনে করিয়ে দেন আর্থার। ‘পুরোপুরি পেশাদার একজন ক্রিকেটার। আমাদের জন্য সে বিশেষ একজন। দারুণ পারফর্ম করছে। তার কোয়ালিটি আমরা জানি।’
চলতি বিপিএলে মোস্তাফিজের পারফরম্যান্স রংপুরের বড় শক্তির জায়গা হয়ে উঠেছে। নতুন বলে উইকেট নেয়া থেকে শুরু করে ডেথ ওভারে রান আটকে রাখা, প্রতিটি জায়গাতেই নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। সেই ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই আইপিএলের মতো মঞ্চে আবারও সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতায় সেই সুযোগ হাতছাড়া হয়। আর্থারের কথায়, ‘মোস্তাফিজকে শুধু ভালো বোলার হিসেবে দেখলে ভুল হবে। সে বিশ^ সেরা না হলেও, অন্তত ততটা ভালো যতটা ভালো হওয়া সম্ভব। গুড টিম ম্যান, খুবই বিনয়ী।’
একজন বিদেশি কোচের মুখে ‘গুড টিম ম্যান’ শব্দটা থেকেই বোঝা যায় দলে মোস্তাফিজের প্রভাব। আর্থার বুঝাতে চেয়েছেন, ড্রেসিংরুমে তিনি শুধু নিজের কাজটুকুই করেন না বরং দলের পরিবেশেও ইতিবাচক প্রভাব রাখেন। তরুণ বোলারদের পাশে থাকা, ম্যাচের চাপের মুহূর্তে শান্ত থাকা এবং নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখাই তাকে আলাদা করে তোলে।’