কবি নাসিমা সুলতানা শফির প্রথম মৃত্যুবার্ষিকী আজ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কবি, ছড়াকার ও সমাজসেবী নাসিমা সুলতানা শফির প্রথম মৃতুবার্ষিকী আজ। গত বছর ১৯ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বাদ আসর বিক্রমপুরের ছনবাড়ি এলাকায় তাদের প্রতিষ্ঠিত আল-মদিনা জামে মসজিদ ও মাদরাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এর আগে মসজিদ সংলগ্ন পারিবারিক কবর স্থানে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া তার প্রতিষ্ঠিত নেত্রকোনার ঘাগড়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
নাসিমা সুলতানা শফি প্রখ্যাত চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরীর স্ত্রী। নেত্রকোনার প্রথম নারী সাংবাদিক হিসেবে তার সাংবাদিকতা জীবনের সূচনা ঘটে। স্বাধীনতার পর তিনি ‘বেগম’ পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি ছিলেন বাংলাদেশের সাহিত্যাঙ্গনের এক সুপরিচিত নাম। ষাটের দশকে তার ছোটগল্প, ছড়া ও কবিতা ‘উত্তর আকাশ’, ‘বেগম’ এবং স্থানীয় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। সত্তরের দশকে বিশিষ্ট চলচ্চিত্রকার, সমাজসেবক ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তার সাহিত্যচর্চায় নতুন মাত্রা যুক্ত হয়। বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত তার ছড়াগ্রন্থ ‘শিউলি বেলি জুঁই’ পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।
নাসিমা সুলতানা শফি নেত্রকোনার ঘাগড়া উচ্চবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি নাসিমা শফি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। পাশাপাশি বিক্রমপুরে আল-মদিনা জামে মসজিদ ও মাদরাসা এবং নেত্রকোনার পাঁচকাহুনিয়ায় ফাতেমা আমীর আলী দারুল উলুম মাদরাসা ও মসজিদ এবং বারহাট্টার দশাল গ্রামে আশরাফুল উলুম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।