লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ে বিশুদ্ধ পানি প্রকল্প উদ্বোধন

Printed Edition

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ইন্দ্রসিং কার্বারী পাড়ায় ৭ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার প্রকল্পটির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। বাংলাদেশ সেনাবাহিনীর বাস্তবায়নে এ প্রকল্পের মাধ্যমে তিনটি পাড়ার চার শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে।

সেনাবাহিনী সূত্র জানায়, কালাপাহাড় রেঞ্জের দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট ছিল। স্থানীয় বাসিন্দারা ঝিরি ও পাহাড়ি ছড়া থেকে কষ্টসাধ্যভাবে পানি সংগ্রহ করতেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত ৮ ডিসেম্বর থেকে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়।

২৪ পদাতিক ডিভিশনের সম্পূর্ণ অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে দুর্গম পাহাড়ে পাইপলাইন স্থাপন পর্যন্ত সব কার্যক্রম সেনা সদস্যরা দতা ও পেশাদারিত্বের সাথে সম্পন্ন করেছেন। স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ পানির এই স্থায়ী ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন।