ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে লাঙ্গল প্রার্থী সরে দাঁড়ালেন
Printed Edition
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানান।
ঘোষণায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে প্রার্থী হওয়ার পর থেকে তিনি ও তার নেতাকর্মীরা নানামুখী চাপ, ভয়ভীতি ও গ্রেফতারের হুমকির মুখে ছিলেন। প্রতিকূল পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হয়নি। দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউল হক মৃধা উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে একাধিক মামলায় আসামি করা হয় এবং এলাকা ছাড়া করা হয়। সংশ্লিষ্ট অভিযোগের সাথে তার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। আইনি জটিলতার কারণে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে না পারলেও দলের নেতাকর্মীরা তার পক্ষে তা দাখিল করেন।
এ আসনে আগে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও তার সরে দাঁড়ানোর ফলে বর্তমানে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আটজন। অবশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিভিন্ন দল, জোট মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীরা।