আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সৌদিকে সতকর্তা ইরানের
Printed Edition
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল একটি রণতরি পৌঁছানোর পর এবং ইসরাইল বা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের আশঙ্কার মধ্যে দু’জন ফোনে কথা বললেন।
যুক্তরাষ্ট্র সম্প্রতি ইঙ্গিত দিয়েছে, ইরানে সরকারবিরোধী আন্দোলন কঠোরভাবে দমন করার কারণে তারা ইরানের ওপর হামলা চালাতে পারে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ নামের একটি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে পাঠিয়েছেন।
মঙ্গলবার সৌদি যুবরাজের সাথে আলাপকালে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের এই হুমকির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এই হুমকি কেবল এ অঞ্চলের নিরাপত্তা নষ্ট করবে এবং অস্থিরতা বাড়াবে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, অর্থনৈতিক চাপ বা বাইরের হস্তক্ষেপ দিয়ে ইরানিদের দমানো যাবে না।