ম্যানইউকে হারিয়ে চমক হাল সিটির

Printed Edition

ক্রীড়া ডেস্ক

হাল সিটি দীর্ঘ ১০ বছর পর গত মে মাসে প্লে-অফ ফাইনালে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর পর লিগে প্রথম ম্যাচেই চমকে দিয়েছে দলটি। প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজেদের মাঠে গতকাল ২-০ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে হাল সিটি। সেমি আজাইয়ির গোলে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলটি করেন নোবেল মেন্ডি। আর তাতেই জয় নিশ্চিত হয় সের্গেই জাকিরোভিচের হাল সিটির।

ট্রফি ধরে রাখার মিশনটা দারুণভাবেই করল আর্সেনাল। নতুন মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ৩-০ গোলের জয়ে যাত্রা শুরু মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে গত পরশু সদ্য প্রমোটেড কভেন্ট্রি সিটিকে হারিয়ে প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যরে জানান দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কাই হাভার্টজের শুরুর পর জালের দেখা পান বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড।

এ দিকে স্প্যানিশ লা-লিগায় রায়ো ভায়েকানোর মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে আলাভেজ। নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের জয় রিয়াল বেটিসের। ফ্রান্স লিগ ওয়ানে বড় জয়ে মৌসুম শুরু করেছে অলিম্পিক মার্সেই। নিজেদের মাঠে ৪-০ ব্যবধানে তারা হারিয়েছে স্ট্রসবুর্গকে।

প্রিমিয়ার লিগে শুরুর দিনটি মাঠের পারফরম্যান্সে প্রমাণ দিয়েছে আর্সেনাল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ফ্র্যাংক ল্যাম্পার্ডের কভেন্ট্রিকে পুরোপুরি চাপে রেখে খেলেছে স্বাগতিকরা। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল পজিশনে রেখে গোলের জন্য নেয়া ১৯ শটের ৬টি লক্ষ্যে রেখে তিনবার জালের দেখা পায় আর্তেতার শীর্ষরা। প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ক্লাবটির নতুন সাইনিং ব্রাজিলের তারকা ব্রুনো গিমাইরেস। তবে মাঠে দারুণ ছিলেন আরেক নতুন মুখ ক্রিস্টোস জোলি। আর্সেনালের প্রথম গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচের ১৫ মিনিটে রিকার্ডো কালাফিওরির নিচু ক্রস থেকে বল পেয়ে জালে পাঠান জার্মান ফরোয়ার্ড হাভার্টজ।

৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। জোলিসের নিচু ক্রস ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি কভেন্ট্রির গোলরক্ষক কার্ল রাশওয়ার্থ। তার হাত থেকে বল বেরিয়ে সাকার পায়ে গেলে ফাঁকা জালে বল পাঠাতে কোনো ভুল করেননি ইংলিশ এই ফরোয়ার্ড। ৪৯ মিনিটে দলের হয়ে ওডেগার্ড তৃতীয় গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।