মেসিকে জরিমানা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
লিওনল মেসিকে জরিমানা করল এমএলএস কর্তৃপক্ষ। প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেয়ার ঘটনায় ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকাকে জরিমানা করেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি। তবে জরিমানার অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।
বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ১০১তম মিনিটে ঘটনাটি ঘটে। ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান লাল কার্ড দেখেন। একই ঘটনায় মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। তবে সুলিভানের জন্য এসেছে স্বস্তির খবর। ম্যাচের ১০২তম মিনিটে লাল কার্ড দেখার ঘটনায় তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা বাতিল করেছে স্বাধীন রিভিউ প্যানেল। ইউএস সকার, কানাডা সকার ও প্রফেশনাল রেফারি অর্গানাইজেশনের মনোনীত একজন করে সদস্য নিয়ে গঠিত প্যানেলটি সর্বসম্মতভাবে সুলিভানের পক্ষে সিদ্ধান্ত দেয়।
ফলে শনিবার অস্টিন এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন সুলিভান। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব মৌসুমে সর্বোচ্চ দু’টি ব্যর্থ আপিল করতে পারে। সুলিভানের লাল কার্ডের আপিল সফল হওয়ায় ফিলাডেলফিয়ার ব্যর্থ আপিলের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এ দিকে টরন্টো এফসির ডিফেন্ডার ওয়াকার জিমারম্যানকেও জরিমানা করেছে এমএলএস। শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে ৫৬তম মিনিটে লাল কার্ড দেখার পর দ্রুত মাঠ না ছাড়ায় তাকে জরিমানা করা হয়।