অ্যান্ডারসনকে টপকে স্টার্কের ইতিহাস
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ম্যাচের প্রথম বলেই উইকেট আর সেই এক বলেই ইতিহাস! বাংলাদেশের বিপক্ষে ম্যাকয়ে দ্বিতীয় টেস্টের শুরুটা যেন নিজের করে নিয়েছেন মিচেল স্টার্ক। প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে টেস্টে সর্বাধিক প্রথম বলে পাওয়া উইকেটের মালিক হয়ে গেছেন অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি পেসার।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই একাধিক রেকর্ড গড়েছেন ৩৬ বছর বয়সী মিচেল স্টার্ক। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে গালি অঞ্চলে ক্যাচে পরিণত করেন। এর ফলে টেস্ট ক্যারিয়ারে প্রথম বলে তার উইকেটের সংখ্যা দাঁড়ায় ৯টি। এই পরিসংখ্যানে তিনি ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকে, যিনি প্রথম বলেই ৮টি উইকেট নিয়েছিলেন।
১০৭তম টেস্ট খেলতে নামা স্টার্ক একই দিনে ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকেও। স্টেইনের ৪৩৯ টেস্ট উইকেটের রেকর্ড পেরিয়ে এখন স্টার্কের উইকেট ৪৪১টি, যা তাকে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১০ নম্বরে তুলে দিয়েছে। ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। এর মধ্যে ছিল ছয়টি মেডেন ওভার। তার বোলিংয়ের সামনে মাত্র ৩৪ ওভারেই ৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
তার আরেকটি রেকর্ড আরো অবিশ্বাস্য। মাত্র ২২ বলে পাঁচ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে এটি তার দ্বিতীয় দ্রুততম পাঁচ উইকেট এবং এই সংস্করণের ইতিহাসে ষষ্ঠ দ্রুততম পাঁচ উইকেট শিকার। তবে এই জায়গায় স্টার্কের নিজেরই একটি বিশ্বরেকর্ড রয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে টেস্টে মাত্র ১৫ বলে পাঁচ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।
টেস্টে প্রথম বলে আউট
ম্যাকাই টেস্টে মিচেল স্টার্কের প্রথম বলেই সাজঘরের ফিরেন সাদমান ইসলাম। টেস্টের প্রথম বলেই আউটের ঘটনা এর আগে ক্রিকেট ইতিহাসে আছে ৩৭ বার। টেস্টে প্রথম বলে সবচেয়ে বেশি তিনবার আউট হয়েছেন ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্কার। এ ছাড়া তিনবার প্রথম বলে আউট হয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার হান্নান সরকার। টেস্ট ইতিহাসে এই দুইজন ছাড়া আর কেউ-ই একের অধিকবার প্রথম বলে আউট হননি। অভিষেক ম্যাচে আউট শূন্যতে হওয়া তিনজন-দক্ষিণ আফ্রিকার জেমস কুক, ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান গ্যারিক এবং আফগানিস্তানের আবদুল মালিক।
আর বোলারদের মধ্যে একের অধিকবার ব্যাটারকে টেস্টের প্রথম বলে আউট করার কীর্তি দেখিয়েছেন জিজি আর্নল্ড, রিচার্ড হ্যাডলি, কপিল দেব, পেদ্রো কলিন্স, সুরাঙ্গা লাকমল এবং মিচেল স্টার্ক।