কাপাসিয়ায় অপারেশন থিয়েটারে গৃহবধূর মৃত্যু
অবহেলার অভিযোগ স্বজনদের
Printed Edition
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে অপারেশন থিয়েটারে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বজনরা ওই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছে। শুক্রবার রাতে উপজেলার আমরাইদ জেনারেল হাসপাতালে জরায়ু টিউমার অপসারণে অস্ত্রোপচারের সময় ওই গৃহবধূ মারা যান। এর আগে ২০১৯ সালে ভুল চিকিৎসায় প্রসূতি তানিয়া আক্তারের (১৯) মৃত্যুর অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালটি সিলগালা করা হয়েছিল।
জানা গেছে, দুই মেয়র জননী আরিফা (৩০) উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগড় গ্রামের দিনমুজুর শামিমের স্ত্রী। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমরাইদ জেনারেল হাসপাতাল একই উপজেলার আমরাইদ বাজারে অবস্থিত। এর আগে শুক্রবার (১৭ জুলাই) দুপুরের পর ওই হাসপাতালে জরায়ুর টিউমার অপসারণের জন্য নিয়ে গেছেন নিহতের স্বামী শামীম ও তার স্বজনরা।
এ বিষয়ে সাংবাদিকরা আমরাইদ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা কোনো কথা বলতে রাজি হননি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, আমরাইদ জেনারেল হাসপাতালে অপারেশনের সময় রোগী মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কেউ অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান বলেন, আমরাইদ জেনারেল হাসপাতালে অপারেশনের সময় রোগী মৃত্যুর ঘটনা শুনেছি। তবে, স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তে চিকিৎসায় অবহেলা প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।