পরিবেশ সুরক্ষা ও জ্বালানি খাতে জার্মানির ১৭০ কোটি টাকার অনুদান
Printed Edition
বিশেষ সংবাদদাতা
উপকূলীয় পরিবেশ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জার্মানির সাথে এক কোটি ২০ লাখ ইউরো (প্রায় ১৭০ কোটি টাকা) অনুদান সহায়তার দু’টি পৃথক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির ইউরোপ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. রোকসানা তারাননুম এবং জার্মানির পক্ষে দেশটির সহযোগী সংস্থা জিআইজেড ঢাকার কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট চুক্তিতে স্বাক্ষর করেন।
ইআরডি সূত্রে জানা গেছে, হস্তান্তরিত অনুদানের মধ্যে ৫০ লাখ ইউরো (প্রায় ৭১ কোটি ৫২ লাখ টাকা) ব্যয় করা হবে ‘ম্যানগ্রোভ বন, জলাবন ও সামুদ্রিক এলাকা সুরক্ষা’ প্রকল্পে। মৎস্য ও বন অধিদফতর যৌথভাবে এটি বাস্তবায়ন করবে। উপকূলীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার ও প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করাই এর মূল লক্ষ্য।
অন্য দিকে ‘টেকসই উন্নয়নে জ্বালানি দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক দ্বিতীয় প্রকল্পের জন্য দেয়া হচ্ছে ৭০ লাখ ইউরো (প্রায় ১০০ কোটি ১২ লাখ টাকা)। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনে বিদ্যুৎ ব্যবহার কমিয়ে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে জার্মানি। এ পর্যন্ত দেশটি আর্থিক ও কারিগরি খাত মিলে মোট চার বিলিয়ন ইউরো সাহায্য দিয়েছে। বর্তমানে জিআইজেডের ১০ কোটি ৯৬ লাখ ২০ হাজার ইউরো সহায়তায় দেশে ১৯টি উন্নয়ন প্রকল্প চলমান।