গাজা সহায়তা কেন্দ্র থেকে ইউরোপীয় প্রতিনিধিদের সরাচ্ছে ইসরাইল
ইসরাইলি নীতির সমালোচনা
Printed Edition
আনাদোলু ও আলজাজিরা
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণসহ বিভিন্ন নীতির সমালোচনা করায় যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন গাজা সমন্বয় কেন্দ্র থেকে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের বের করে দিচ্ছে ইসরাইল। ইতোমধ্যে স্পেন ও নেদারল্যান্ডসের প্রতিনিধিদের কেন্দ্রটি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে আনাদোলু।
দক্ষিণ ইসরাইলের কিরিয়াত গাত শহরে গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রতিষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার’ (আইজিএসসি) থেকে মঙ্গলবার নেদারল্যান্ডসের প্রতিনিধিদের অবিলম্বে চলে যেতে বলা হয়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ডাচ সরকারের ইসরাইলবিরোধী নীতির কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাজ্যসহ আরো কয়েকটি দেশের প্রতিনিধিদেরও কেন্দ্র থেকে সরানোর বিষয়টি বিবেচনা করছে তেল আবিব। বর্তমানে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় প্রতিনিধি দল সেখানে রয়েছে এবং কেন্দ্রটির উপ-অধিনায়কও একজন ব্রিটিশ নাগরিক। তবে যুক্তরাজ্য জানিয়েছে, গাজার ভবিষ্যৎ ও যুক্তরাষ্ট্র-সমর্থিত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে তারা আইজিএসসিতে কাজ চালিয়ে যাবে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, প্রতিনিধিদের সরিয়ে দিলে গাজা নিয়ে যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যাহত হবে। এ দিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের শতাধিক সাবেক কূটনীতিক সম্প্রতি ইসরাইলের গাজা নীতির সমালোচনা করে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। একই সময়ে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ১১টি দেশ পূর্ব জেরুসালেমের ই১ এলাকায় ইসরাইলের নতুন বসতি প্রকল্পের নিন্দা জানিয়েছে।
কেন্দ্রটি থেকে ইউরোপীয় প্রতিনিধিদের সরানোর বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৩ হাজার ৪৪৯
গাজায় ইসরাইলের হামলায় গত ৪৮ ঘণ্টায় আরো ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে। গতকাল শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ৯ জনের লাশ এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আরও একজনের লাশ পাওয়া গেছে। এ সময়ে আহত হয়েছেন ১৮ জন।
পশ্চিমতীরে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৩
অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবারের এ হামলার পর ইসরাইলি বাহিনী নিহতদের লাশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জেনিনের পশ্চিমাঞ্চলীয় হার্শ আল-সা’দা এলাকায় নির্মাণাধীন একটি ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়। প্রায় ১০ মাস পর জেনিন শহরে এটিই প্রথম ইসরাইলি বিমান হামলা বলে স্থানীয় সূত্র জানিয়েছে।