দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা : ক্রীড়া প্রতিমন্ত্রী
Printed Edition
আবদুল কাদের তাপাদার, সিলেট
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে। স্থানগুলো যাচাই-বাছাই করে স্থানীয় জনগণের জন্য সবচেয়ে উপযোগী জায়গাটি নির্বাচন করে দ্রুত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হবে।
তিনি গতকাল শনিবার (২৯ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ।
মো: আমিনুল হক বলেন, দক্ষিণ সুরমায় শুধু একটি মিনি স্টেডিয়াম নয়, বরং একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ ধরনের একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের জন্য প্রায় পাঁচ থেকে ছয় একর জায়গার প্রয়োজন হবে। এ কারণে সরকারের ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, যেখানে সরকারি খাস জমি পাওয়া যাবে, সেখানে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিতে।’