ইরানের হুমকি ও নিরাপত্তাহীনতায় ঘরবন্দী ট্রাম্পপুত্র ব্যারন

Printed Edition

নিউ ইয়র্ক পোস্ট

ইরানের সুনির্দিষ্ট হুমকি, বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একের পর এক হামলার চেষ্টা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার পটভূমিতে চরম নিরাপত্তা বলয়ে নিঃসঙ্গ জীবনযাপন করছেন ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষের পড়াশোনার ফাঁকে সাবেক ও বর্তমান এ মার্কিন প্রেসিডেন্টের কনিষ্ঠ সন্তান নিজেকে পুরোপুরি লোকচক্ষুর অন্তরালে রাখছেন। প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটির অধিকাংশ সময় তিনি নিউ জার্সির ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টার’-এ তার মা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে অতিবাহিত করেছেন। পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, জনসমক্ষ এড়িয়ে চলা ব্যারন আড্ডাবাজি কিংবা অহেতুক ঘোরাঘুরি একদম পছন্দ করেন না এবং অধিকাংশ সময় নিজের কক্ষে একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভেনিয়ার বাটলারের জনসভায় গুলি, সেপ্টেম্বরে ফ্লোরিডার গলফ কোর্সে আততায়ীর উপস্থিতি এবং গত ২৫ এপ্রিল ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে’ বন্দুকধারীর হামলার চেষ্টার ঘটনা ঘটে। এর মধ্যেই মার্কিন শত্রুপক্ষের কড়া নজরদারি ও হুমকির মুখে পড়েছেন ব্যারন।