বিসিবির সহায়তা চান প্যারা অ্যাথলেটরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান প্যারা গেমস সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ছয়টি ইভেন্টে অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন দেশের প্যারা অ্যাথলেটরা। এরই মধ্যে গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

প্যারা অ্যাথলেটদের ক্যাম্প পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ক্রিকেটের বাইরে শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারদের কার্যক্রমসহ প্যারা খেলাধুলার উন্নয়নে বিসিবির সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কাঠামোগত সহযোগিতার বিষয়েও কথা হয়েছে। সব ফেডারেশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একযোগে কাজ করলে প্যারা খেলাধুলার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।’

এনপিসির সভাপতি নাসিরুল ইসলাম বলেন, ‘এবারের এশিয়ান প্যারা গেমসে বাংলাদেশের বিশেষ লক্ষ্য রয়েছে বোচিয়া, অ্যাথলেটিক্স, অ্যারচারি ও সাঁতারে। অ্যাথলেটিকসে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান করছেন। সাঁতারেও সাম্প্রতিক এশিয়ান ইয়ুথ গেমসের সাফল্য থেকে এশিয়ান প্যারা গেমসেও পদক জয়ের আত্মবিশ্বাস পাচ্ছি আমরা।’ এ সময় সহসভাপতি সানোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ দিকে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জয়ী সাঁতারু মো: শহিদুল্লাহ বলেন, ‘জাপানে সিনিয়র পর্যায়ের আসরে এবার আমাদের মূল লক্ষ্য স্বর্ণপদক জয়।’

প্যারা অ্যারচার জুমা আক্তার বলেন, ‘এবারের এশিয়ান প্যারা গেমসের অ্যারচারিতে দেশকে পদক এনে দিতে চাই।’