‘যুদ্ধবাজ’ ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি : এরদোগান

Printed Edition

আলজাজিরা

ইসরাইলের বর্তমান প্রশাসনকে ‘যুদ্ধবাজ’ আখ্যা দিয়ে তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। আঞ্চলিক চরম উত্তেজনা মোকাবেলায় তিনি মুসলিম বিশ্বকে নিজেদের মধ্যকার বৈরিতা ভুলে দ্বিপক্ষীয় ঐক্য ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।

এক বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট উল্লেখ করেন, জায়নবাদী রাষ্ট্রটি প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ও সার্বিক শান্তির জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল প্রতিবেশীরাই নয়, মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক নীতি রক্ষায় নিবেদিত ব্যক্তিদের ওপরও ইসরাইলি বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালাচ্ছে। ইসরাইলের এমন নজিরবিহীন তাণ্ডবের পরও বৈশ্বিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এরদোগান। তিনি জানান, ইসরাইলি ‘গণহত্যার নেটওয়ার্ক’ যেভাবে কোনো প্রকার সীমানা, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন না মেনে কার্যক্রম চালাচ্ছে, বৈশ্বিক পরাশক্তিগুলো তার সঠিক জবাব দিচ্ছে না।

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে সম্প্রতি চালানো ইসরাইলি বিমান হামলার পরপরই এরদোগানের কাছ থেকে এই মন্তব্য এলো। ওই হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ঘাঁটিতে তুরস্কের সামরিক উপস্থিতি রোখাই তাদের মূল উদ্দেশ্য ছিল। এই উদ্ভূত রাজনৈতিক ও যুদ্ধসংক্রান্ত প্রেক্ষাপটে তুরস্ক মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর সাথে তাদের সামরিক ও কৌশলগত সম্পর্ক পুনর্গঠনের ওপর জোর দিচ্ছে।