ঈদে প্রস্তুত রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো
Printed Edition
ঈদে বন্ধুবান্ধব বা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয় অনেকে। ঈদকেন্দ্রিক এ ঘোরাঘুরিকে লক্ষ্য রেখে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রাখা হয়েছে বিশেষ আয়োজন। এবারের পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের লম্বা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ব্যাপক লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ঈদুল ফিতরের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বিনোদনপ্রেমী মানুষের উপচেপড়া ভিড় থাকবে। ঈদের দিন থেকে অন্তত এক সপ্তাহজুড়ে দর্শনার্থীর সমাগমে মুখর থাকবে বিনোদন কেন্দ্রগুলো। দর্শনার্থীদের বরণ করে নিতে পরিষ্কার-পরিচ্ছন্নসহ নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে বিনোদন কেন্দ্রগুলো। আর দর্শনার্থীরা যাতে নিরাপদে ঈদ আনন্দ উপভোগ করতে পারে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। ঢাকাবাসীর কাছে এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, উত্তরার দিয়াবাড়ী, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, জিয়া উদ্যান, জাতীয় জাদুঘর, শ্যামলী শিশু মেলা, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, বুড়িগঙ্গা ইকো পার্ক, যমুনা ফিউচার পার্ক, ওয়ান্ডারল্যান্ড পার্ক, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হাতিরঝিল ও ৩০০ ফুট সংলগ্ন পূর্বাচল বাজার এখন প্রধান বিনোদন কেন্দ্র।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময় চিড়িয়াখানায় এক-দেড় লাখ দর্শনার্থীর সমাগম হয়। প্রতিদিনের মতোই চিড়িয়াখানা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে চিড়িয়াখানায় প্রবেশের জন্য এবার ১৪টি বুথে টিকিটি বিক্রি করা হবে। এর বাইরে ব্যক্তিগত গাড়ি রাখার পার্কিংয়েও একটি বুথে টিকিট বিক্রি হবে। এছাড়া ১৬টি লাইন দিয়ে প্রবেশ করার ব্যবস্থা থাকবে।
এছাড়াও সাভারের নবীনগরের নন্দন পার্কে নানা রকম রাইডার এবং ওয়াটার ওয়ার্ল্ডের পাশাপাশি আছে খুদে চিড়িয়াখানাও।
ইট-পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনে রাজধানীর হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। পুরো হাতিরঝিল ঘুরে দেখার জন্য রয়েছে চক্রাকার বাস সার্ভিসও। তা ছাড়া লেকে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ওয়াটার বাস। আশপাশে কিছু রেস্টুরেন্টও রয়েছে খাওয়া-দাওয়ার জন্য।
লালবাগের কেল্লা পুরান ঢাকায় অবস্থিত। এটি দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন তথা পর্যটনস্থল। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। টিকিটের মূল্য ২০ টাকা।
শহরের কোলাহল ছেড়ে রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরে প্রায় সাত একর জায়গার ওপর গড়ে উঠেছে বুড়িগঙ্গা ইকো পার্ক। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে মোগল আমলের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। খোলা থাকবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।