জাতীয় সংসদের সামনে ছিনতাইকারীর থাবায় শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেয়ায় রিকশা থেকে পড়ে গিয়ে বগুড়ার এক প্রধান শিক্ষিকা মারা গেছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মোসা: রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। সংসদ ভবনের ঠিক সামনে ঘটে যাওয়া এ নির্মম ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যার মাত্র দুই দিন আগে গত ২৭ আগস্ট শুরু হওয়া ১৩তম সংসদের তৃতীয় অধিবেশনে দেশের এ চরম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র বাগি¦তণ্ডা ও হট্টগোল সৃষ্টি হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোখের ডাক্তার দেখানোর জন্য রনজিনা পারভীন তার স্বামী আব্দুল মতিনের সাথে শুক্রবার রাতে বগুড়া থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। গতকাল ভোরে তারা গাবতলী বাস টার্মিনালে নামেন এবং সেখান থেকে একটি রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের দিকে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে রনজিনা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করার কাজ চলছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
এ দিকে রাজধানীর কদমতলী নামাশ্যামপুর বড়ইতলা এলাকায় দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে অজ্ঞাত (৩৫) এক ছিনতাইকারী নিহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিন্নাত জানান, আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি নিহত ছিনতাইকারী রাত ৪টায় নামাশ্যামপুর বরইতলায় দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে আরেক ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে; পরে পথচারীরা থানায় খবর দিলে আমরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই।