ভালুকায় সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
Printed Edition
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় একটি নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত এক্সিল্যান্ট সিরামিক্স গ্রুপের কাখানায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম (২৮) এবং সিভিল হেলপার রুমেল মিয়া (২৫)। রুমেল মিয়া নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে। শফিকুল ইসলাম খুলনা জেলার কয়রার নকশা গ্রামের ফারুক গাজীর ছেলে।
সহকর্মীদের অভিযোগ, দুই শ্রমিক ইটিপি প্ল্যান্টের ট্যাংকিতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে দীর্ঘ সময় ধরে সাহায্যের জন্য চিৎকার করলেও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধারে দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে কারখানা কর্তৃপক্ষ আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মমেক হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এক্সিল্যান্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ আগেই আহত দুইজনকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।