ফাইনালের আগে কী বললেন স্কালোনি ও ফুয়েন্তে
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় আজ রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষ স্পেনের শক্তি নিয়ে অকপট কথা বলেন। খেলোয়াড়দের ক্লান্তি ও ফিফার সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ। সংবাদ সম্মেলনে ম্যাচ পরিচালনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
সংবাদ সম্মেলনে স্কালোনি স্পেনের বর্তমান দলকে নিয়ে জানান, সত্যিই অসাধারণ এবং তাদের সবকিছু নিয়েই তার দুশ্চিন্তা কাজ করে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর দলের খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাননি। দীর্ঘ ভ্রমণ ও তীব্র গরমে বেলা ৩.৩০ মিনিটে অনুশীলনের সূচি নির্ধারণ করায় তিনি ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করেন। স্কালোনি দলের অধিনায়ক লিওনেল মেসিকে একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, বাইরের চাপ বা প্রত্যাশা নিয়ে না ভেবে দল পুরোপুরি নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিচ্ছে। স্কালোনির স্ত্রী স্প্যানিশ হওয়ায় পরিবারের সদস্যরা কোন দলকে সমর্থন করবেন, তা নিয়ে তিনি একটি মধুর সমস্যায় পড়েছেন বলে রসিকতা করেন।
ফুয়েন্তে উল্লেখ করেন, আর্জেন্টিনা টানা শিরোপা জেতা একটি শক্তিশালী দল। তার পরও ফাইনালে কোনো ছাড় দেয়া হবে না। নিজেদের শক্তিমত্তার ওপর আস্থার কথাও জানান তিনি। কোচের মূল বক্তব্যে রেফারিং নিয়েও ছিল সতর্কবার্তা। ফাইনালে রেফারির ভূমিকা নিয়ে কঠোর মনোভাব প্রকাশ করেন। কারো প্রতি যেন কোনো পক্ষপাতিত্ব না হয় এবং রেফারিং যেন শতভাগ নিরপেক্ষ থাকে। তবে প্রতিপক্ষকে আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ী দল- এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেছেন। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে, তার দল নিজেদের সামর্থ্য এবং কৌশল নিয়েই বেশি ভাবছে। ফাইনালের মতো বড় ম্যাচে কোনো ধরনের নার্ভাসনেস বা অতিরিক্ত চাপ অনুভব করছেন না বলে তিনি জানান। পুরো দল আত্মবিশ্বাসী এবং স্বাভাবিক ফুটবল খেলতে প্রস্তুত।