ঢাবি রেজিস্ট্রার অবরুদ্ধ, ছয় দাবিতে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদকে অবরুদ্ধ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘কর্মচারী ঐক্যপরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। দাবি আদায়ে তারা রেজিস্ট্রারকে কক্ষে অবরুদ্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পদোন্নতি, চাকরির বয়স বৃদ্ধি এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচিতে নেমেছেন। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদ থেকে ডেপুটি রেজিস্ট্রার বা সমমানের পদে সিন্ডিকেটের অনুমোদিত ১৮৭ জনের পদোন্নতি আগামী ১৫ মের মধ্যে সম্পন্ন করা, ২০২৫ সালের পদোন্নতির দরখাস্ত দ্রুত আহ্বান এবং সর্বস্তরের কর্মচারীদের চাকরির বয়স ৬২ বছর নির্ধারণ।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শামস উদ্দিন নয়া দিগন্তকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ছয় দফা দাবিতে একটা স্মারকলিপি আমার কাছে দিয়ে গিয়েছে। এ দাবিগুলো নিয়ে কাজ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাড়াও ইউজিসি ও সরকারের অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।