৫ আগস্ট গণসমাবেশ ৬ আগস্ট অবস্থান কর্মসূচি ঘোষণা ১১ দলের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ আগস্ট গণসমাবেশ এবং ৬ আগস্ট দেশব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যে। একই সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সঙ্কট, বিদ্যুতের বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আরো কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানানো হয়েছে। সোমবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, গ্যাস সঙ্কট, বিদ্যুতের বিল নিয়ে জনভোগান্তি এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সাথে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করা হয়।

গৃহীত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। ওই সমাবেশ থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সঙ্কট, বিদ্যুতের বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ছাড়া ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। রাজধানীতে একই দিন বেলা ১১টায় মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয়েছে।