ভয়ে বাহরাইন যাচ্ছে না অনূর্ধ্ব-২০ দল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
২০০২ সালের পর আর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল এএফসির আসরের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি। মাঝে বেশ কয়েকবার অল্পের জন্য হাতছাড়া এই চূড়ান্ত পর্বে খেলা। এবার উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে বসতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলের ‘বি’ গ্রুপের বাছাই পর্বে। এতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারতকে। এবার বাংলাদেশ দল কোয়ালিফাই করতে চায় ফাইনাল রাউন্ডে। সে জন্য ব্রিটিশ কোচের অধীনে যশোরের শামস উল হুদা ফুটবল অ্যাকাডেমিতে চলছে বাংলাদেশ দলের ক্যাম্প। গ্রুপে একমাত্র ভারতই ধরা ছোঁয়ার মধ্যে। এর পরও বাংলাদেশের লক্ষ্য এবার কোয়ালিফাই করা। এ জন্য বাহরাইনে প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ। বাফুফেও রাজি ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে চলা বিরাজমান পরিস্থিতিতে সেখানে যেতে রাজি নন ফুটবলাররা। মূলত সংশ্লিষ্ট খেলোয়াড়দের অভিভাবকরাই রাজি নন তাদেরকে বাহরাইন পাঠাতে। ফলে বিকল্প হিসেবে থাইল্যান্ডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। জানান বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। উল্লেখ্য ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর হবে এই বাছাই পর্ব। পাঁচ প্রবাসী ফুটবলার আর স্থানীয়দের নিয়ে চলছে ক্যাম্প।
তবে বাফুফে এই যাত্রায় বাহরাইনে দল না পাঠালেও পরে অনূর্ধ্ব-১৭ দলকে পাঠাবে।
সেই সাথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকেও এবার বিদেশে পাঠানো হবে। অক্টোবরে আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের একটি ওয়ার্ল্ড ফুটবল ফেস্টিভাল হবে। সেখানে দল পাঠানো হবে। সারা দেশে শেষ হওয়া অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল থেকেই খেলোয়াড়দের বাছাই করে সেই দল গঠন করা হবে। জানান নাসের শাহরিয়ার জাহেদী।