ইরানের ভেনু পরিবর্তন হবে না

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ীই যুক্তরাষ্ট্রেই নিজেদের ম্যাচ খেলবে ইরান। তাদের ভেনু পরিবর্তন হবে না। তুরস্কের আন্টালিয়ায় ইরান জাতীয় দলের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, ভেনু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

কোস্টারিকার বিপক্ষে ইরানের প্রীতি ম্যাচ উপলক্ষে ফ্লোরিডা থেকে আকস্মিক সফরে তুরস্কে যান ইনফান্তিনো। সেখানে তিনি ইরানের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে কথা বলেন। ম্যাচে ইরান ৫-০ গোলের বড় জয় পায়, যা বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

সম্প্রতি ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দেশটির ফুটবল ফেডারেশন ভেনু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা করলেও তা নাকচ করে দেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘ড্র অনুযায়ী যেখানে খেলার কথা, সেখানেই ম্যাচ হবে। কোনো বিকল্প পরিকল্পনা নেই, শুধু নির্ধারিত সূচিই কার্যকর থাকবে।’

উল্লেখ্য, ইরানের ক্রীড়া মন্ত্রণালয় ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোতে দল পাঠানো সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।