চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কর নির্ধারক ইমতিয়াজ উদ্দিন প্রকাশ তুষার ও পাম্পচালক লোকমান হোসেন অবৈধভাবে আমেরিকায় যেতে বর্তমানে ব্রাজিলে অবস্থান করছে। যাওয়ার আগে মেডিক্যাল ছুটি চেয়ে দুজনই পৌর প্রশাসকের নিকট আবেদন করেছিলেন। তবে ছুটি মঞ্জুর না হলেও কর্তৃপক্ষকে অবহিত না করেই তারা গত সপ্তাহে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভায় চাকরি করার সময় বিভিন্ন উপায়ে মোটা অঙ্কের টাকা আয় করে কর নির্ধারক ইমতিয়াজ উদ্দিন প্রকাশ তুষার ও পাম্পচালক লোকমান হোসেন। ইমতিয়াজ উদ্দিন প্রকাশ তুষার পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি ও পাম্পচালক লোকমান হোসেন পাঁচরা গ্রামের বাসিন্দা। অবৈধভাবে আমেরিকায় যাওয়ার উদ্দেশ্যে তারা একটি চক্রের সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তি করে। সে অনুযায়ী তারা পৌর প্রশাসকের নিকট তিন মাসের জন্য মেডিকেল ছুটির আবেদন করে; যাতে কোনো কারণে আমেরিকায় প্রবেশ করতে না পারলে দেশে ফিরে পৌরসভার চাকরি আবার করতে পারে। বিষয়টি এখন চৌদ্দগ্রাম বাজার ও পৌর এলাকার সর্বত্র সাধারণ মানুষের মুখে মুখে।
নাম প্রকাশে অনিচ্ছুক চৌদ্দগ্রাম পৌরসভার এক কর্মকর্তা বলেছেন, অসুস্থ হলে নিয়ম অনুযায়ী তিন মাসের ছুটি পাবে। তবে অসৎ উদ্দেশ্য থাকলে কর্তৃপক্ষ সেটি বিবেচনা করে ব্যবস্থা নেবে।
তবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বুধবার বিকেলে বলেন, ‘দুজনই মেডিকেল ছুটির জন্য আবেদন করেছে। তবে ছুটি এখনো মঞ্জুর হয়নি। তারা অবৈধভাবে আমেরিকায় যাওয়ার উদ্দেশ্যে ব্রাজিল পৌঁছানোর বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অনিয়ম করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’