দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে রাবিপ্রবি ভিসির যোগদান
Printed Edition
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘সাউথ এশিয়ান রিজিওনাল কনফারেন্স অন দ্য স্টেট অব হায়ার এডুকেশন অ্যান্ড ফিউচার পাথওয়ে (সার্চে-২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমান।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সম্মেলনটি শুরু হয় এবং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এ ছাড়া বক্তব্য দেন- ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জিন পেশমে এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিসহ দেশী-বিদেশী অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউজিসি, হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) এবং ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য হলো- উচ্চশিক্ষা বিষয়ে নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় নেতৃত্ব, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একত্র করে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার মান, স্নাতকদের কর্মসংস্থান, উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কৌশলগত আলোচনা করা।
সম্মেলনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ও গবেষণার বর্তমান অবস্থা, মানোন্নয়নের কৌশল, নীতিনির্ধারণ ও বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনের শেষে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার ভবিষ্যৎ গঠনে একটি সম্মিলিত প্রতিশ্রুতি হিসেবে ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন গৃহীত হবে।
সম্মেলনে আমন্ত্রণের জন্য ইউজিসিকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. মো: আতিয়ার রহমান বলেন, প্রধান উপদেষ্টা ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মদানকারী শিক্ষার্থীদের উত্তরাধিকারীদের পক্ষ থেকে ‘হোয়াট ইজ এডুকেশন’ প্রশ্নটি সামনে এনেছেন। নিপীড়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার সাথে জড়িত শিক্ষাব্যবস্থায় শিক্ষার অর্থ কী- এই প্রশ্নের যথার্থ উত্তর দেয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বিজ্ঞপ্তি।