ইয়ামাল-রাফিনহার জোড়ায় জয় বার্সার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা-লিগায় চলতি মৌসুমে এলচের মাঠে ৫-০ গোলের জয়ে শুরুটা করেছিল বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচে ন্যূ ক্যাম্পে ২-০ ব্যবধানে জয় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। দুই ম্যাচের জালের দেখা পেয়েছিলেন রাফিনহা। দলও প্রথম দুই ম্যাচে জাল অক্ষত রেখেছিল। লিগে তৃতীয় ম্যাচে নিজেদের মাঠে গোল খেয়ে বসে শুরুতেই। তবে দলকে দুর্ভাবনায় পড়তে দেননি রাফিনহা-লামিন ইয়ামালরা। এই দু’জনের জোড়া গোলে লা-লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। রায়ো ভায়োকানোকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। বর্তমান চ্যাম্পিয়নদের অপর গোলটি আত্মঘাতী ফ্লোরিয়ান লেজুনের পা থেকে। ভায়েকানোর হয়ে দু’টি গোল শোধ করেন সার্জিও ক্যামেলো। লিগে এ দিন নিজেদের মাঠে গেতাফেকে ১-০তে হারিয়েছে ওসাসুনা।

ইংলিশ প্রিমিয়ার লিগে এ দিন বুকায়ো সাকার গোলে কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। পুরো ম্যাচে আক্রমণে কোনো দলই সেরাটা মেলে ধরতে পারল না। ভোগান্তির ম্যাচে ব্যবধান গড়ে দিলেন সাকা। অ্যাস্টন ভিলাকে ১-০তে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল মিকেল আর্তেতার দল। মৌসুমে তিন ম্যাচ খেলে এখনো কোনো গোল হজম করেনি গানাররা। ইতালিয়ান সিরি ‘আ’তে নিজেদের মাঠে বুলোগনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আটালান্টা। অপর ম্যাচে লেসের বিপক্ষে ৪-০ গোলের জয় এএস রোমার।

লা-লিগায় ঘরের মাঠে পুরো ম্যাচে ৭০ শতাংশ বল ধরে রেখে গোলের জন্য ২৬টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রেখে পাঁচবার জালের দেখা পায় বার্সেলোনা। অপর দিকে ১১ শটের পাঁচটি লক্ষ্যে রেখে দু’টি গোল আদায় করে নেয় ভায়েকানো। ম্যাচের শুরু থেকেই আক্রমণ শাণায় বার্সেলোনা। স্বাগতিকদের কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর ১২ মিনিটে পাল্টা আক্রমণে চমকে দেয় ভায়েকানো। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে বাইলাইন থেকে আলভারো গার্সিয়ার কাটব্যাকে ছুটে গিয়ে জোরাল শটে দলকে এগিয়ে নেন ক্যামেলো। ১৯ মিনিটেই রাফিনহার গোলে সমতায় ফেরে স্বাগতিক দল।

সেই রেশ থাকতেই চোখধাঁধানো গোলে দলকে এগিয়ে নেন ইয়ামাল। মার্ক বার্নালের পাসে বল পেয়ে কাছের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়িয়ে দেন এই তরুণ সেনসেশন। ৫১ মিনিটে ভাগ্যের ছোঁয়ায় ব্যবধান বাড়ে বার্সেলোনার। বাঁ দিক থেকে গর্ডনের পাস ক্লিয়ারের চেষ্টায় কাছ থেকে নিজেদের জালে বল পাঠান ভায়েকানোর ডিফেন্ডার লেজুন। ৫৯ মিনিটে ক্যামেলোর দ্বিতীয় গোলে ব্যবধান কমিয়ে উত্তেজনা জিইয়ে রাখে সফরকারীরা। ৭১ মিনিটে ব্যবধান ৪-২ করেন রাফিনহা। বক্সে গর্ডনের চমৎকার ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে গোলটি করেন তিনি। এ নিয়ে লিগে তিন ম্যাচে পাঁচ গোল হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি ইয়ামালের।