চট্টগ্রাম নগর বিএনপি নেতার মন্তব্য
গণভোটে হ্যাঁ এর পক্ষে সরকারের প্রচারণা অনৈতিক
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, গণভোটের প্রশ্নে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা চালানোটা অনৈতিক। গত মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই অনৈতিক কাজ থেকে সরকারকে সরে আসতে হবে বলেও তিনি দাবি করেন।
নাজিমুর রহমান বলেন, ‘আমি স্বপ্রণোদিত হয়ে একটি কথা বলছি- সরকারের দায়িত্ব হলো একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করা। সেক্ষেত্রে দেখছি আমরা সরকার একটা পক্ষ হয়ে যাচ্ছে কোনো কোনো সময়। যেমন- একটা বিষয় খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আমরা আছি, দেশের জনগণ আছে সেটা হলো হ্যাঁ/না ভোট। অতীতে হ্যাঁ/না ভোট হয়েছে একটা বিষয়ের উপর। সেটা হলো আপনি আমাকে চান কি চান না। যেমন নাইনটি ওয়ানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসতে আগে পার্লামেন্টে পাস হয়েছে, তারপর জনগণের কাছে গিয়েছে হ্যাঁ/না মতামত চাওয়ার জন্য। জিয়াউর রহমানের সময় হ্যাঁ/না ভোট হয়েছে- জিয়াউর রহমানকে কি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান কি চান না একটা বিষয়ে। এবার বিষয়গুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ ভোট দিতে হলে আপনাকে চারটা বিষয়ে দিতে হবে। না ভোট দিলে সেটা একই ভাবে। এই চারটা বিষয়ের মধ্যে একটি বিষয়ে দ্বিমত থাকতে পারে। এই একটি দ্বিমতের বিষয়ে আমি কিভাবে নিজেকে প্রমাণ করব যে আপনার এই বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি। সেখানে সরকার একটা পক্ষ হয়ে প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে। এটা আমি মনে করি এই সরকারের জন্য দেশের জনগণের জন্য বিব্রতকর এবং সরকারের একটা অনৈতিক কাজ বলে আমি বিশ্বাস করি। সুতরাং এই অনৈতিক কাজ থেকে সরকারকে সরে আসতে হবে।’
নাজিমুর বলেন, এই সরকার প্রথম থেকেই মব জাস্টিসটাকে নিজেদের মতো করে করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। যার কারণে এটা দিনকে দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে।
গণভোটের প্রশ্নে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দলের অবস্থান কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে। তারপরও আমি বলবো আমরা আমাদের তরফ থেকে এ ধরনের প্রচারণা চালানোটা অনৈতিক। সরকার এটা করাটা কতটুকু যুক্তিসঙ্গত। হ্যাঁ’র পক্ষে কি আছে, না’র পক্ষে কি আছে দুটোই বলতে হবে। একই প্রশ্নের সম্পূরক উত্তর দিতে গিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, এখানে মূল স্টেকহোল্ডার রাজনৈতিক দলগুলো। হ্যাঁ ভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই প্রচারণা চালানো উচিত। সরকারের উচিত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানানো যে হ্যাঁ আমাদের দরকার।