ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জনগণের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নে সরকার দায়বদ্ধ : স্পিকার

Printed Edition

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ও বাস্তবায়নে বর্তমান সরকার দায়বদ্ধ। তৃণমূলের জনগণ ও প্রান্তিক কৃষকের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয় এবং সর্বমহলে সমাদৃত। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাজ্য সর্বদা পাশে থাকবে। চলমান মধ্যপ্রাচ্য সঙ্কটে ব্রিটিশ সরকার যেকোনো যুদ্ধ ও সংঘাতকে নিরুৎসাহিত করে বলেও জানান তিনি।

গতকাল সোমবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় স্পিকার এবং ব্রিটিশ হাইকমিশনার এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দেয়। তিনি বলেন, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার ডেমোক্র্যাসিকে অনুসরণ করে। ১৯৯১ সালে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত ও কারিগরি শিক্ষার প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং অভিবাসন সঙ্কট ও এর সমাধান নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার সারাহ কুক জাতীয় সংসদের ‘স্পিকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। স্পিকার যুক্তরাজ্যের সাথে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।