পল্লবীতে দেশী-বিদেশী অস্ত্রসহ গ্রেফতার ৫

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৪। তারা হলেন- মো: সজিব ইসলাম ওরফে ভাগিনা সজিব (২২), মো: শাকিল (৪০), মো: আবিদ হাসান (২২) এবং মো: আকাশ (২৩)। গতকাল র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পল্লবীর মোড়াপাড়া ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাসা থেকে ডাকাতির পূর্ব প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যেতে সম হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, চারটি দেশীয় অস্ত্র এবং ২৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার নিয়তি আরো জানান, আটকদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

এ দিকে রাজধানীর একই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল এবং বিপুল পরিমাণ গুলিসহ ‘ভইরা দে’ আশিকুর ইসলাম শান্ত (২০) নামে চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-মিরপুর বিভাগ। সোমবার রাতে পল্লবীর ১১নং সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।