প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানদের সেবা আজ থেকে বন্ধ
Printed Edition
বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছে তাদের দাবি না মানা হলে আজ ১ জুলাই থেকে তারা সেবা প্রদান বন্ধ রাখবে। এতে বলা হয়, আজ বুধবার থেকে ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর জাত উন্নয়ন সংক্রান্ত সরকারি খাতে কৃত্রিম প্রজনন সেবা বন্ধ হতে যাচ্ছে।
আমরা সরকারি পর্যায়ে বিনা বেতনে ইউনিয়ন পর্যায়ে এই সেবাটি দিয়ে যাচ্ছি। দীর্ঘ আন্দোলনের মুখে ২০১৬ সালে ৫০০/- টাকা এবং ২০১৯ সালে ২০০০/- টাকা ভাতা আমাদের দেয়া হতো । ২০২৪ সালের জুনে ৯ মাসের বকেয়া রেখে তাও বন্ধ করে দেয়া হয়েছে।
বহু আন্দোলন ও আলোচনা ইতিমধ্যে আমরা অতিক্রম করেছি। আমরা এআইটিরা ৩ থেকে ৩০ বছর যাবত বিনা বেতনে প্রণিসম্পদ অধিদফতর তথা দেশের সেবা দিয়ে আসছি। আজ আমাদের জীবন-জীবিকা বিপন্ন।
কর্মরত ৫২৭২ জনের আউটসোর্সিংয়ে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে অতীতের আন্দোলন থামিয়ে দেয়া হয়। প্রতিশ্রুত বিষয়টি আইনি জটিলতায় আটকে গেলে চূড়ান্ত আন্দোলন কমসূচি অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া ব্যতীত ভিন্ন কোনো পথ আমাদের সামনে খোলা নেই। যেকোনো উপায়ে বা পদ্ধতিতে আমাদের একটি মজুরি নির্ধারণ এবং তা বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আমরা সরকারি কাজে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছি। বিজ্ঞপ্তি।