নির্বাচন স্থগিতে সঙ্কটে আইডিইবি অনির্বাচিতদের তৎপরতায় অসন্তোষ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
প্রার্থী তালিকায় বিগত সরকারের সহযোগীদের অন্তর্ভুুক্তি এবং নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে তীব্র প্রশাসনিক ও রাজনৈতিক সঙ্কটে পড়েছে দেশের প্রায় আট লাখ ডিপ্লোমা প্রকৌশলীর সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। নিয়ম অনুযায়ী সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও একটি প্রভাবশালী গোষ্ঠীর অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারো অনির্বাচিত অন্তর্বর্তীকালীন কমিটি চাপিয়ে দেয়ার চেষ্টায় সাধারণ সদস্যদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক কমিটির শীর্ষ নেতারা আত্মগোপনে গেলে ৩৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি আইডিইবি পরিচালনার দায়িত্ব নেয়। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নতুন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠিত হয়। তবে গত ২০ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, একটি প্যানেলে স্বৈরাচারী সরকারের সুবিধাভোগীদের রাখা হয়েছে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে গত ২৫ জুন নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে কমিশন।
পরবর্তীতে সমাজসেবা অধিদফতর অন্তর্বর্তী কমিটির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে আদেশ দিলেও মাত্র দু’দিন পর, ২ জুলাই সেই আদেশ রহস্যজনকভাবে স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র বা সমাজসেবা অধিদফতরের সাধারণ বিধি মেনে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীরা। তাদের শঙ্কা, নির্বাচিত প্রতিনিধি ছাড়া আবারো কোনো অনির্বাচিত গোষ্ঠী দায়িত্ব পেলে ঐতিহ্যবাহী এই সংগঠনটি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
এ দিকে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে ‘ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ’ (এফডিইবি)-এর সাম্প্রতিক পদক্ষেপে।
তারা নির্বাচন সম্পন্ন করার অজুহাতে নতুন ৯ সদস্যের আরেকটি অন্তর্বর্তীকালীন কমিটির অনুমোদন চেয়ে সমাজকল্যাণ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এখনো ঝুলে থাকলেও এই অনির্বাচিত কমিটি গঠনের চেষ্টা ডিপ্লোমা প্রকৌশলীদের অসন্তোষকে আরো বাড়িয়ে দিয়েছে।