১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
২০০৭ সালে ‘দলীয় সিদ্ধান্তের’ কারণে বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ আদেশ অবশেষে প্রত্যাহার করেছে সরকার। এর ফলে দীর্ঘ ১৯ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তা তাদের চাকরি ফিরে পাচ্ছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৬ সালে নির্বাচিত ১২৩ সার্জেন্ট এবং ২০৭ সাব-ইন্সপেক্টরের নিয়োগ ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। তবে এবার সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং নির্বাচিত কর্মকর্তাদের সরকারি চাকরিতে যোগদানের সুযোগ দেয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৭ সালে তারা যেদিন চাকরিতে যোগদানের কথা ছিল, সেই তারিখ থেকেই তাদের সিনিয়রিটি গণনা হবে। তবে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, এ সুযোগে কোনো ধরনের অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করা হবে না।
চাকরিতে যোগদানের আগে প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণকাল হবে ছয় মাস এবং শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর। এ ছাড়া, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-বিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেয়া হয়েছে।
সরকারি এই সিদ্ধান্তটি বহু বছরের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পুলিশের দীর্ঘকালীন কর্মীদের জন্য সুখবর বয়ে আনছে। এখন তাদের অপেক্ষা মাত্র যোগদানের আনুষ্ঠানিকতার শেষ ধাপের জন্য।